সব জেলায় শিল্পমেলা করতে চায় বিসিক

করোনায় প্রান্তিক শিল্প উদ্যোক্তাদের ব্যবসায়িক ক্ষতি কমানোর উদ্দেশ্যে দেশের প্রতিটি জেলায় শিল্পমেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। এ জন্য সম্প্রতি প্রতিটি জেলা প্রশাসককে চিঠি দিয়েছে সংস্থাটি।

বিসিক বলছে, বিদ্যমান করোনা পরিস্থিতিতে সারা দেশের প্রান্তিক পর্যায়ের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছে না। এ করণে তারা নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে।

বিসিক সূত্রে জানা গেছে, বর্তমানে সারাদেশে ৭৯টি বিসিক শিল্পনগরী রয়েছে। এরমধ্যে শিল্প প্লট সংখ্যা ১০ হাজার ৯২২টি, যেখানে ৫ হাজার ৮৮৫টি শিল্প ইউনিট গড়ে উঠেছে। এরমধ্যে বর্তমানে চলমান শিল্প ইউনিটের সংখ্যা ৪ হাজার ৫৭০টি।

এ খাতে গত দশ মাস যাবত ব্যবসা কার্যক্রম ব্যাহত হওয়াতে বিসিকের উদ্যোক্তারাও কারখানার ভাড়া, শ্রমিক-কর্মচারীর বেতন, উপযোগ ব্যয় মেটাতে হিমসিম খাচ্ছেন। মার্চ থেকে জুলাই-আগস্ট পর্যন্ত প্রচুর কারখানা বন্ধ থাকলেও এখন সে সংখ্যা কিছুটা কমেছে। তারপরও এখন পর্যন্ত বেশকিছু কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়ে গেছে।